প্রত্নবস্তু ১৬: জৈন ভাস্কর্য
প্রত্নবস্তু নম্বর: ভিআরএম১৪৭২
মাপ: ৯৮.৭ X ৫২.৫ সেমি
উপাদান: আগ্নেয়শিলা
সংগ্রহের স্থান: ইটাহার, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত
সময়কাল: ৯ম-১০ম শতক
আদি-ঐতিহাসিক যুগে (আনুমানিক প্রাক সা. অব্দ ৬০০-২০০) বৌদ্ধধর্মের পাশাপাশি জৈনধর্মও সমগ্র দক্ষিণ এশিয়ায় ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল। যা একটি প্রভাবশালী সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করে। ধর্মীয় সহিষ্ণুতার জন্য পরিচিত পাল রাজবংশ বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ঐতিহ্যের পাশাপাশি জৈনধর্ম সহ বিভিন্ন ধর্মের প্রচার ও সমর্থন করেছিল। জৈনধর্মের শিক্ষা মহাবীর কর্তৃক প্রচারিত হয়েছিল, যিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং তীর্থঙ্কর বা তীর্থ-প্রবর্তক নামে পরিচিত ছিলেন। তিনি সফলভাবে পুনর্জন্মের স্রোত অতিক্রম করেন এবং অন্যদের অনুসরণ করার জন্য একটি মতবাদও তৈরি করেন।
মহাবীর ছিলেন জৈনধর্মের ২৪ জন তীর্থঙ্করের মধ্যে একজন, যাঁদের সকলকেই এই কালো আগ্নেয়শিলার ভাস্কর্যটিতে উপস্থাপন করা হয়েছে। ভাস্কর্যটির বৃহৎ কেন্দ্রীয় মূর্তিটি হলেন প্রথম তীর্থঙ্কর - ঋষভনাথ। তাঁকে লম্বা প্রবহমান চুলসহ চিত্রিত করা হয়েছে, যা এখানে উপরের দিকে খোঁপা করা, এবং নিচের পাদদেশে একটি ষাঁড় রয়েছে, যা তাঁর প্রতীক। তাঁকে ঘিরে থাকা অপর ২৩ জন তীর্থঙ্করকে একইভাবে, তবে কম অলঙ্কৃতভাবে, চিত্রিত করা হয়েছে। তাঁদেরকে পূজাবেদীর প্রতীকস্বরূপ ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে স্থাপন করা হয়েছে এবং তাঁরা পদ্মাসনে উপবিষ্ট।
জৈন ভাস্কর্য (ভিআরএম১৪৭২)
জৈন ভাস্কর্য (ভিআরএম১৪৭২)
সমসাময়িক ব্রাহ্মণ্য ঐতিহ্যের ভাস্কর্যগুলোতে প্রাপ্ত সমৃদ্ধ বস্ত্র এবং জমকালো অলঙ্কারের চিত্রায়নের বিপরীতে, এই তীর্থঙ্করগণ বস্ত্রহীন, যা তাঁদের জাগতিক উদ্বেগ থেকে মুক্তি ও নিরাসক্তির প্রতীক। যদিও পাহাড়পুরের বিশাল পাল মন্দিরের অনেক সমসাময়িক পোড়ামাটির ফলকে অলঙ্কৃত যোদ্ধাদের চিত্রিত করা হয়েছে, এই ভাস্কর্যটি আমাদেরকে ত্যাগ এবং অহিংসার অনুশীলন ও ধর্মীয় মতপ্রচারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দীর্ঘ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়।
পাহাড়পুরের একটি পোড়ামাটির ফলকে তরবারিসহ এক অলঙ্কৃত মূর্তির চিত্র। ডিইউআরওএম.১৯৫৭.১.৩৮১৮-এর অংশবিশেষ, সৌজন্যে: ডারহাম ইউনিভার্সিটির স্যার জন মার্শাল আলোকচিত্র সংগ্রহ
পাহাড়পুরের একটি পোড়ামাটির ফলকে তরবারিসহ এক অলঙ্কৃত মূর্তির চিত্র। ডিইউআরওএম.১৯৫৭.১.৩৮১৮-এর অংশবিশেষ, সৌজন্যে: ডারহাম ইউনিভার্সিটির স্যার জন মার্শাল আলোকচিত্র সংগ্রহ
