প্রত্নবস্তু ২১: পাঞ্জা আলম
প্রত্নবস্তু নম্বর: ভিআরএম৩৬০৬
মাপ: ২৯.৫ X ১৮.০ সেমি
উপাদান: পিতল
সংগ্রহের স্থান: ঢাকা, বাংলাদেশ
সময়কাল: উনবিংশ শতক
অষ্টাদশ শতকের গোড়ার দিকে ইউরোপীয় শক্তির অনুপ্রবেশ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক শক্তিগুলোতে বিভাজন ত্বরান্বিত হয়। যদিও বেশিরভাগ মুঘল সম্রাট সুন্নি ছিলেন, মুর্শিদাবাদ শহর থেকে বঙ্গীয় অববাহিকা শাসনকারী শাসকেরা সহ তাঁদের উত্তরসূরি রাজ্যগুলোর অনেক শাসকই শিয়া ছিলেন। এটি এই অঞ্চলে শিয়া শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল।
আশুরা ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের দশম দিনে পালন করা হয়। ইসলামের শিয়া অনুসারীদের জন্য, এটি ৬৮০ সা. অব্দে কারবালার যুদ্ধে নবী মুহাম্মদ (সাঃ)-এর দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাত স্মরণে একটি শোকের দিন। নাটকীয় অভিনয়ের মাধ্যমে হোসেনের মৃত্যু পুনঃপ্রদর্শন করা হয় এবং এর সাথে শোক মিছিল বের হয়, যেখানে অংশগ্রহণকারীরা পতাকা এবং তাঁর সমাধির প্রতিকৃতি তাজিয়া বহন করে। মিছিলের নেতৃত্বে একজন ব্যক্তি একটি আলম বা পতাকা ধরে থাকেন। যা একটি কাঠের দণ্ডের মাথায় সংযুক্ত সুশোভিত ধাতব বস্তু দিয়ে গঠিত।
পাঞ্জা আলম (ভিআরএম৩৬০৬)
পাঞ্জা আলম (ভিআরএম৩৬০৬)
এই আলমটি একটি পাঞ্জা বা প্রতিরক্ষামূলক হাতের আকারে তৈরি। পিতল দিয়ে তৈরি, এটিতে আরবি লিপি জটিলভাবে খোদাই করা আছে। এর উভয় দিকেই শিয়া ইসলামের পাঁচ পবিত্র ব্যক্তিত্ব সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের নাম লেখা আছে: নবী মুহাম্মদ (সাঃ), আলী, ফাতিমা, হাসান এবং হোসেন। ইয়া আলী, ইয়া আলী-আহ্বানটিও উপস্থিত রয়েছে, যা শিয়া মুসলমানরা, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে, প্রথম শিয়া ইমাম আলী ইবনে আবি তালিবকে স্মরণ করার জন্য ব্যবহার করেন।
পাঞ্জা আলম (ভিআরএম৩৬০৬)
পাঞ্জা আলম (ভিআরএম৩৬০৬)
পাঞ্জাটিতে একটি ভবনের চিত্র রয়েছে, যা পাঠ্যলিপি অনুযায়ী ইরাকের কারবালায় ইমাম হোসেনের মাজার হিসেবে ধারণা করা হয়। এটি আশুরা, কারবালা এবং ইমাম হোসেনের মধ্যে একটি মূর্ত সংযোগ স্থাপন করে।
